শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার গাজিরখামার উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামিউল আলম টুটনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এমপি রাশেদুল ইসলাম বলেন, শেরপুরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন সড়কের উন্নয়ন করা হবে। এর অংশ হিসেবে শেরপুর-নালিতাবাড়ী সড়ককে জামালপুরের ইসলামপুর পর্যন্ত ২২ ফুট প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বড় বাধা। দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে রাষ্ট্রের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে। এছাড়া গণভোটে জনগণের দেওয়া মতামত বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, জেলা টাইলস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া গাজিরখামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নেন।