শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন ১৪১ নং সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক নয় বলে পর্যবেক্ষণ করেন। এ সমস্যা সমাধানে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন ও মনোযোগ সহকারে লেখাপড়া করার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং অবকাঠামোগত বিষয়গুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে একটি কালভার্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।