"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ ৪ আগস্ট ২০২৬, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ মাহবুব আলমের শ্রদ্ধেয় মাতা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা হলো যুক্তির এক সৃজনশীল চর্চা, যা শিক্ষার্থীদের মননশীলতা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনের জড়তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও বিতর্কের ভূমিকা অপরিসীম। এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্কচর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।