'দ্রোহের কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি, প্রাণের কবি'—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) এ. বি. এম. আশরাফুজ্জামান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং নজরুলপ্রেমী সুধীজন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি-তে ২ থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ নানা আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আয়োজন সফল করতে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।