শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার মোঃ হাতেন আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নির্দেশনায় এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন সদর থানার এসআই আরিফ আহমেদ, এএসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এএসআই শফিকুল ইসলাম-১ এবং কনস্টেবল গোলাম সারোয়ার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।