শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বয়স জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মাটিচাপা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
শেরপুরে ধানক্ষেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার