বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রোববার (৯ আগস্ট) রাতে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।’
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিএনপির দলীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মাধ্যমে মির্জা ফখরুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হলেও দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
মির্জা ফখরুল ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে দলের মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি এ দায়িত্বে রয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২০ আগস্ট অনুষ্ঠিত হবে নির্বাচন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
তবে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।