ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম রয়েছে বলেও তাঁরা দাবি করেন। এ কারণে তাঁরা তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় তাঁদের নামও রয়েছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।’
তিনি অবিলম্বে প্রকাশিত তালিকা বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর